দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা পরাণ-এর ট্রেইলার। সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর মুক্তি দেয়া হয় ট্রেইলারটি।
এদিকে ট্রেইলার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেনপরাণ-এর তিন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
ইউটিউবে ট্রেইলারের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রথমবার কোনো বাংলা মুভির ট্রেইলার এত ভালো লাগল।’
অন্য একজন লিখেছেন, ‘দারুণ হবে। ইয়াশ, মিম, শরিফুল তিনজনই আমার পছন্দের। তবে, শরিফুল রাজ ছক্কা হাঁকাবে, এটা শতভাগ নিশ্চিত।’
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘কিছু বলার নেই, এই সিনেমার পরিচালক যখন রায়হান রাফি তখন আর কী লাগে। মিম-রাজের অভিনয় সেই লেভেলের হয়েছে। ট্রেইলার জাস্ট ওয়াউ।’
‘বিদ্যা সিনহা মিম মানে আগুন।’ ‘শরিফুল ভাইকে মিমের সঙ্গে অনেক ভালো মানিয়েছে। এক কথায় পুরাই আগুন।’ ‘এই ঈদের সবচেয়ে বড় ধামাকা’; এমন নানা প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। এরপর মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ভালোবাসা দিবসে। সে লক্ষ্যে টিজারও প্রকাশ করা হয়। যেটা দেখে দর্শক মনে সিনেমাটি ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়। কিন্তু মহামারি করোনায় সব ভেস্তে যায়।
আসছে ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় ছবির দুইটি গানও মুক্তি দেয়া হয়। তবে শুরুর দিকে ছবিটি মুক্তির অনিশ্চয়তা থাকলেও এখন আর তা নেই। সম্প্রতি ছবিটি সেন্সরের অনুমতি পেয়েছে। সুতরাং দুই বছর পিছিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ‘পরাণ’। আসন্ন কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
