ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। শুটিংকের কারণে এবারের ঈদটা দেশের বাইরেই করতে হচ্ছে এই চিত্রনায়িকাকে। এর আগে ঈদের মধ্যে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ব্যাংককে।
কিন্তু রাজনৈতিক জটিলতায় ছবিটির কাজ বাতিল হয়ে যায়। তখন পরিকল্পনা করেন দেশে ঈদ করার নুসরাত ফারিয়া। তবে তা আর হচ্ছে না। কারণ আরও একটি ছবির শুটিংয়ে গতকালই (৪ জুলাই) কলকাতায় পাড়ি দিয়েছেন এই চিত্রনায়িকা।
জানা গেছে, মঙ্গলবার (০৫ জুলাই) সকাল থেকেই নুসরাত ফারিয়া দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। এতে তার সহশিল্পী অঙ্কুশ হাজরা। সেখানে ১৬ জুলাই পর্যন্ত শুটিং চলবে।
কলকাতার ভয় সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ। প্রযোজনায় ইকো এন্টারটেনমেন্ট।
সিনেমার প্রযোজক সন্দীপ জয়সওয়াল ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। তার কিছু পরেই শুরু হয় করোনা। সবকিছু থেমে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাজ আবার শুরু হয়েছে।
বারুইপুরের রেলস্টেশনের কাছে কেষ্ট মণ্ডলের বাড়িতে শুটিং চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেও। তিনি বলেন, ‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি। তাছাড়াও আমার আগামী মাসে শুরু হবে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং।’
