থাইল্যান্ড নয়, কলকাতায় গেলেন নুসরাত ফারিয়া

এবার কোরবানির ঈদে থাইল্যান্ডে থাকার কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। উদ্দেশ্য ছিল তার নতুন কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান ২’।

কিন্তু রাজনৈতিক ঝামেলার কারণে আটকে যায় সিনেমার কাজ আর বাতিল হয় তার সফরও। তখন তিনি পরিকল্পনা করেন দেশে ঈদ করার। তবে তা আর হচ্ছে না।

কারণ আরও একটি ছবির শুটিংয়ে গতকালই (৪ জুলাই) কলকাতা পাড়ি দিয়েছেন এই নায়িকা। সেখানে আজ (৫ জুলাই) থেকে অংশ নিচ্ছেন রাজ চন্দ পরিচালিত ‌‘ভয়’ ছবির।

বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তিনি গতকাল বলেন, ‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে করোনা আক্রান্ত হয়েছিলাম। গতকালই (৩ জুলাই) নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছি। খবরটা জানাতেই তারা শুটিংয়ের পরিকল্পনা করে ফেলেন।’

জানা যায়, ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ। ছবিটির শুটিং এর আগে ভারতের বিহার ও কলকাতায় হয়েছে। এতে ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *