দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন।
এ অনুষ্ঠানে নাটকীয়ভাবে প্রতিটি আইটেম উপস্থাপন করা হবে। এবার ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় কোরবানি ঈদ নিয়ে সাজানো হয়েছে বিশেষ পর্বটি।
ঈদুল আজহার দিনে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের ‘পাঁচফোড়ন’। এসব ঘটনার ফাঁকেই প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং।
‘পাঁচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠানের প্রতিটি পর্বেই উপস্থাপনার ধরন ভিন্নরকম থাকে, যেখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না।
এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও কুসুম শিকদার। দীর্ঘ ৪ বছর পর এ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন পর্দায় আসছেন কুসুম শিকদার। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন।
এবারের পাঁচফোড়নে গান থাকছে ৪টি। একটি গেয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দিপা। আর একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ ও সালমা। গানটির কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও ত্রয়ী ইসলাম এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ।
এ ছাড়া এবারের পাঁচফোড়নে ঈদের কেনাকাটা ও নানান সমসাময়িক বিষয় নিয়ে বেশকিছু রসাত্মক নাট্যাংশ রয়েছে। সব মিলিয়ে বলা যায় দুটি উৎসবকে উপলক্ষ্য করে নির্মিত ফাগুন অডিও ভিশনের এবারের ‘পাঁচফোড়ন’ হবে জমজমাট।
