মন খারাপ শাকিব খানের

বাংলাদেশের দর্শক নন্দিত নায়ক শাকিব খান ৭ মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন। গত বছরের নভেম্বর মাসে সেখানে গিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন। ঈদের আগে দেশে ফিরছেন ঢাকার সিনেমার এই শীর্ষ জনপ্রিয় নায়ক।

তবে প্রথমবারের মতো ঈদুল আজহায় তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছেনা। দুটি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত থাকলেও প্রযোজক-পরিচালকরা অজানা কারণে মুখে কুলূপ এঁটে আছেন।

শাকিব ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে মন খারাপের খবর। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শাকিব বলেছেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এবারই হয়তো প্রথম কোনো ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা যে কতটা মন খারাপের খবর! মনটাই ভীষণ খারাপ হয়ে গেলো।’

গত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। এ নিয়ে গুঞ্জন ছিল, সিনেমার কাজ শেষ না করে মার্কিন মুলুকে পড়ে আছেন তিনি। কিন্তু স্পষ্টভাবে শাকিব বললেন, ‘সিনেমাগুলোর কাজ আমি সুন্দরভাবে শেষ করে দিয়েছি। যেটার ডাবিং বাকি ছিলো, সেটা নিজের পকেটের টাকা খরচ করে আমেরিকায় বসে সম্পন্ন করে দিয়েছি। কিন্ত প্রযোজক হয়তো চান না সিনেমা মুক্তি পাক!’

‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের দুটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন শাকিব খান। শোনা গিয়েছিল, দ্বিতীয় সিনেমাটি ঈদে মুক্তি পাবে। কিন্তু ঈদে মুক্তির জন্য কোনো সিনেমাই প্রযোজক-পরিবেশক সমিতিতে নিবন্ধন করেনি। ফলে এগুলোর মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই।

উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। অন্যদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ বানিয়েছেন তপু খান। এতে শাকিবের বিপরীতে আছেন বুবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *