সৌন্দর্যে তিনি জয় করেছিলেন বিশ্ব। হয়েছিলেন মিস ইউনিভার্স। এরপর বলিউডে এসে জয় করেন কোটি দর্শকের মন। তিনি সুস্মিতা সেন। কালজয়ী এই অভিনেত্রী এখনো নিজের রূপ-লাবণ্য ও ফিটনেস দারুণভাবে ধরে রেখেছেন।
সুস্মিতার বয়স এখন ৪৬ বছর। কিন্তু এখনো বিয়ে করেননি। একাধিক সম্পর্কে জড়িয়েছেন, একসঙ্গে বসবাসও করেছেন। কিন্তু সেই সম্পর্ককে বৈবাহিক নাম দেননি। সুস্মিতার মতে, বিয়ে না করেই তিনি বেঁচে গেছেন।
বিয়ে না করলেও সংসার সাজিয়েছেন সুস্মিতা। দুটি কন্যা দত্তক নিয়েছেন তিনি। তাদেরকে ঘিরেই তার জীবন। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা। এরপর ২০১০ সালে দত্তক নেন দ্বিতীয় মেয়ে আলিশাকে।
সম্প্রতি অভিনেত্রী-লেখক টুইঙ্কেল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, ‘সৌভাগ্যবশত জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের দেখা পেয়েছি। তবে কখনওই বিয়ে করার কথা ভাবিনি কারণ, তাঁরা সবাই আমায় হতাশ করেছেন। আমার বাচ্চারা এ নিয়ে কখনও অসহযোগিতা করেনি। ওরা আমার জীবনে আসা সমস্ত মানুষকেই আপন করেছিল। সবাইকে সমান ভালবাসা এবং সম্মান দিয়েছে। খুব ভাল লাগে সেটা দেখতে।’
প্রেমের সম্পর্ক থেকে তিনবার বিয়ের প্রস্তুতিও নিয়েছিলেন সুস্মিতা। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটা বাতিল করেন। সুস্মিতা বলেন, “তিনবার বিয়ের দিকে এগিয়েছিলাম। তিনবারই ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। সেই সব পুরুষের নিজ নিজ জীবনে কী কী দুর্যোগ এসেছিল তা আমি বলতে পারব না। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন, কারণ আমার দু’টি বাচ্চাকে রক্ষা করার ছিল। কখনই আমাকে একটা খারাপ সম্পর্কে থাকতে হয়নি।”
দুই মেয়ে রেনে ও আলিশাই তার জীবন। মেয়েদের প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘লোকজন প্রায়ই মনে করিয়ে দিতে চান, ওরা আমার দত্তক নেওয়া সন্তান। সেটা সহ্য করার অসীম শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন।’
সূত্র: আনন্দবাজার।
