অসুস্থ হয়ে যাচ্ছি, আমি শান্তি চাই: প্রভা

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। অবশ্য নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ পান না। কারণ, তিনি সেই অপশন বন্ধ করে রেখেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রভার স্টোরিতে নজর আটকে পড়ে ভক্তদের। বেশ কয়েকটি ছবির সঙ্গে একটি ইংরেজিতে লেখা পোস্ট করেছেন এ অভিনেত্রী। তার সেই স্টোরি ঘিরে নেটিজেনদের বাড়তি আগ্রহ জন্মে। বিষয়টি কেন্দ্র করে বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। যা মোটেও ভালোভাবে দেখছেন না এ অভিনেত্রী।

প্রভা একটি গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই ফেসবুক ইনস্টাগ্রামে ছিলাম না। প্রায় দুই মাস পর একটা স্টোরি দিয়েছি। সেটা আমার ব্যক্তিগত বিষয়- বানিয়ে সংবাদ করা হয়েছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কি না? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি মানসিক শান্তি চাই, আই নিড মেন্টাল পিস। আমাকে শান্তি দিন।’

তিনি বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? কেন আমাকে নিয়েই সংবাদ করতে হবে? আর তো কারো সংবাদ হয় না। এমন আজব আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই তারা বোঝে না।’

প্রভা দাবি করেন, তিনি ভালো ভালো উক্তি সংগ্রহ করেন এবং সেসব উক্তিই ছবির সঙ্গে বা বিভিন্ন পোস্টে ব্যবহার করেন। অভিনেত্রী বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি সেটা সংগ্রহে রাখি। এভাবেই উক্তিগুলো আমি প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা বানিয়ে সংবাদ করা হলে সেটা খুবই দুঃখজনক।’

প্রভা বলেন, ‘আমি সংবাদ চাই না। আমার সংবাদের প্রয়োজন নেই। আমাকে অন্তত ভালো থাকতে দিন। আমি ভালো থাকতে চাই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *