শিল্পী সমিতিকে ‘ভুয়া সংগঠন’ বললেন শাকিব খান

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা অপেক্ষাকৃত অনেক ছোট। এই ছোট ইন্ডাস্ট্রিতেই বর্তমানে ১৯টি সংগঠন। তার মধ্যে অন্যতম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ২০১১-১৫ এবং ২০১৫-১৭- এই দুই মেয়াদে সংগঠনটির সভাপতির দায়িত্ব সামলেছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান।

তবে এখন তিনিই চাইছেন, এফডিসি থেকে সব সমিতি, সব সংগঠনের বিদায় হোক। এমনকি শিল্পী সমিতিকে তিনি ‘ভুয়া সংগঠন’ বলে কটাক্ষও করেন।

শাকিব খান গত ছয় মাসের বেশি সময় ধরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালের এসব কথা জানান কিং খান।

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোনো সমিতি, পলিটিক্স বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাইরে গিয়ে করবে।’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘বিটিভিতে কিন্তু এই সিস্টেম। সেখানে কোনো নির্বাচন হয় না। এফডিসিতেও এই নিয়ম চালু হলে কেউ আর পকেটের টাকা খরচা করে নেতা হতে চাইবেন না। তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নিলে খুব সহজেই বের হয়ে যাবে, কারা কাজের লোক আর কারা অকাজের।’

শিল্পী সমিতির দুইবারের সভাপতি উল্লেখ করে কিং খান সাক্ষাৎকারে আরো বলেন, ‘আমি সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করি কত বড় জায়গায় পৌঁছানো যায় সেই চেষ্টা করা। ওই ‘ভুয়া সংগঠনের’ (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাঁদের কাজ করতে দিতে হবে— ব্যস। নতুন আরো কিছু পরিচালককে কাজের সুযোগ দেব। ছবির সাবজেক্ট বাছাই করবো একেবারে নতুন কিছু। টম ক্রুজ, শাহরুখ-আমির-সালমান— সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *