বাইক বন্ধের পর পদ্মা সেতুতে টোল কমল ৭৮ লাখ টাকা

পদ্মা সেতু চালুর পর প্রথম দিন ব্যাপক হইহুল্লোড়ের মধ্যে যে পরিমাণ টোল আদায় হয়েছিল, বাইক বন্ধের পর দ্বিতীয় দিন টোল কমে গেল পৌনে এক কোটি টাকা।

রোববার সেতু চালুর পর প্রথম দিন দুই প্রান্ত দিয়ে ২ কোটি ৭৫ লাখ টাকার বেশি টোল আদায় হলেও পরের ২৪ ঘণ্টায় তা নেমে আসে ১ কোটি ৯৭ লাখে। অর্থাৎ টোল কমেছে ৭৮ লাখ টাকার মতো।

তবে যে টোল কমেছে, তার পুরোটাই বাইকের কারণে কমেছে এমন নয়। বাইক বন্ধ হওয়ায় টোল কমেছে বড়জোর ৪৬ লাখ টাকা।

এই তথ্য নিশ্চিত করেছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। আর টোল কমার জন্য তিনি বাইক নিষিদ্ধ করাতেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘প্রথম দিন যত গাড়ি গিয়েছিল, তার ৭০ শতাংশই ছিল মোটরসাইকেল। পরের দিন যেহেতু এই গাড়ি বন্ধ ছিল, তাই টাকা কমতেই পারে।’

সেতু বিভাগের তথ্য বলছে, চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার গাড়ি পদ্মা সেতু পার হয়। বাইক নিষিদ্ধের পর ২৪ ঘণ্টায় পার হয় ১৫ হাজার ২৭৪টি বাহন। এই হিসাবে প্রথম দিন বাইক চলেছিল ৪৬ হাজারের মতো।

এই হিসাবে প্রথম দিন বাইকের কারণে টোল আদায় হয় ৪৬ লাখ টাকা। অর্থাৎ যে টোল কমেছে, তার পুরোটাই বাইকের কারণে নয়।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন রোববার সকাল ছয়টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

প্রথম দিনে মোটরসাইকেলে সেতুতে ওঠায় মানা ছিল না। প্রতিটি মোটরসাইকেল ১০০ টাকা টোল দিয়ে চলাচল করছিল। তবে কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা ও একটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর গতকাল সোমবার সকাল ৬টা থেকে মোটরসাইকেলের সেতুতে ওঠা নিষিদ্ধ করা হয়।

সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৭৪টি যানবাহন পার হয়েছে। এখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ৭ হাজার ৫৮৬টি যানবাহন। টোল আদায় হয়েছে ৯৮ লাখ ১৮ হাজার ৫০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন উঠেছে ৭ হাজার ৬৮৮টি। টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা।

জনসাধারণের জন্য খুলে দেওয়ার তৃতীয় দিনে পদ্মা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মাওয়া টোল প্লাজায় আসামাত্র টোল পরিশোধ করে যানবাহন নিয়ে সেতু দিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন লোকজন। তবে সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় এবং ফেরি না চলায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *