ক’দিন আগেই ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়েছিলেন- কলকাতার ছবি ‘বিবাহ অভিযান ২’ এর শুটিং করতে ঈদুল আজহার আগেই তিনি থাইল্যান্ডে যাবেন। সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।
কিন্তু রবিবার খবর এলো ছবিটির শুটিংয়ে থাইল্যান্ড যাওয়া হচ্ছে না এই নায়িকার। কারণ রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল এটি। এ সিক্যুয়েলের প্রথম পার্টেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। দ্বিতীয় পার্টেও থাকছেন তিনি। ভারতের একটি গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। প্রথম কিস্তির মতো ‘বিবাহ অভিযান ২’-এর কাহিনীও লিখছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি আবার বিজেপি দলের সক্রিয় কর্মী। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের কট্টর সমালোচক। শোনা যাচ্ছে, রুদ্রনীলের কারণেই নাকি সিনেমাটি ঘিরে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে শুটিং স্থগিত হয়ে যাওয়ার খবর নিশ্চিত করলেন নুসরাত ফারিয়াও। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘কোরবানির ঈদের সময়টাতে কথা ছিল থাইল্যান্ডে সিনেমাটির শুটিং হবে। কিন্তু সম্প্রতি আমাকে জানানো হয়েছে নির্ধারিত তারিখে শুটিং হচ্ছে না। তাই থ্যাইল্যান্ড যাওয়া ক্যান্সেল করা হয়েছে।’
‘বিবাহ অভিযান’ পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। দ্বিতীয় কিস্তিও তার পরিচালনার কথা ছিল। কিন্তু কিছুদিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ঘোষণা দেয়, এটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল।
প্রথম খণ্ডে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
এদিকে নুসরাত ফারিয়া অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘অপারেশন সুন্দরবন’ ‘ভয়’, ‘পর্দার আড়ালে’, ‘রকস্টার’ ছবিগুলো।
