Home আলোচিত পদ্মা সেতুতে নাট খোলা সেই বায়েজিদ ছাত্রদলের কর্মী ছিলেন

পদ্মা সেতুতে নাট খোলা সেই বায়েজিদ ছাত্রদলের কর্মী ছিলেন

0
178

পদ্মা সেতুর রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়েজিদ তালহা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। রোববার (২৬ জুন) বিকালে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বায়েজীদ এক সময় ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। পটুয়াখালীতে বিএন‌পি ও ছাত্রদ‌লের মি‌ছিল-মি‌টিং‌য়ে নিয়মিত অংশ নিতেন তিনি।

বায়েজীদ জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক এনা‌য়েত হো‌সেন মোহ‌নের নিকটাত্মীয় বলে জানা গেছে। তবে মোহন আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, বায়েজীদ আমার আত্মীয় নন। তিনি জেলা ছাত্রদলের সা‌বেক সভাপ‌তি গাজী আশফাকুর রহমান বিপ্লবের অনুসারী ছিলেন। বিপ্লব এখন যুবদল করেন।

তবে বায়েজিদ এখন কোনোভাবেই ছাত্রদল বা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন।

নয়ন বলেন, বায়জিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলো। তবে সে অনেকদিন ধরে এলাকা ও রাজনীতি থেকে অনেক দূরে রয়েছে। আর একজন ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ করলে সেটা কোনো দলের বিষয় না।

জানা যায়, বায়জিদ তালহা পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সেখানেই অবস্থান করতেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, পদ্মা সেতু নিয়ে একটি মহল অনেকদিন থেকেই অপপ্রচার চালিয়ে আসছে। পদ্মা সেতুর স্ক্রু খোলার বিষয়টা তারই নমুনা। এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিৎ।

এর আগে এ বিষয়ে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম (মাসুদ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ভিডিওতে যে যুবককে পদ্মা সেতুর নাটবল্টু খুলতে দেখা গেছে, তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তার নাম মো. বায়েজিদ। তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে আগামীকাল সোমবার সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ সুপার রেজাউল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here