রাজকে নিয়ে লাইভে এসে সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা পরান। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নেমেছে পরান-এর টিম। এর অংশ হিসেবে এবং সিনেমার একটি গানের টিজার প্রকাশ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসেছিলেন মিম। সঙ্গে ছিলেন পরিচালক রাফি ও চিত্রনায়ক রাজ।

সেই লাইভে মিম জানালেন ‘চল নিরালায়’ শিরোনামের সেই পুরো গানটি প্রকাশ পাবে সোমবার। নানা বাঁকে সিনেমাটির গল্প যে ত্রিমুখী হৃদয়স্পর্শী প্রেমে মোড়ানো, তা অনেকটাই পরিষ্কার।

পরান নিয়ে বলতে গিয়ে মিম জানালেন, সিনেমাটির অল্প একটু দৃশ্য দেখে নিজের চোখেই পানি এসেছে তার।

পুরো সিনেমাটি এখনও দেখা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ডাবিংয়ের সময় মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে। নিজের সিনেমা বলেই বলছি না, সিক্যুয়েন্সের মেকিং দেখে…।’

আর এমন সুন্দর মেকিংয়ের জন্য পরিচালককে ধন্যবাদ জানান মিম।

সিনেমাটি নিয়ে মিম-রাজ দুজনেই এক্সসাইটেড। কারণ হিসেবে মিম জানালেন, সাত বছর পর ঈদে তার সিনেমা মুক্তি পাচ্ছে। আর রাজ জানালেন, এটাই তার প্রথম সিনেমা, যেটি ঈদে মুক্তি পাচ্ছে। শুধু তা-ই নয়, দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

এর আগে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিদ্যা সিনহা মিম জানান, ‘আজ সন্ধা ৭টায় আপনাদের একটা সারপ্রাইজ দিব।’ হঠাৎই তার এমন পোস্টে ভক্তমনে জন্ম নেয় নানা কৌতুহল, জল্পনা আর প্রশ্ন। কী সারপ্রাইজ দিতে চলেছেন মিম? অবশেষে সন্ধ্যায় নায়িকার ফেসবুক লাইভে আসার মধ্যে দিয়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *