একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়: শাওন

বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওন। তিনি গণমাধ্যমকে জানান, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি।

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-পত্নী আরো বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে দেখছি; এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’

শাওন আরও বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মেনে নেওয়া জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা তা আবারও প্রমাণ করতে পেরেছি। অবশ্যই এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি মুহূর্ত।’

শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ তারকাদের আরো উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবিল বকুলসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *