Home ফিচার প্রধানমন্ত্রীর জনসভাস্থল প্রস্তুত

প্রধানমন্ত্রীর জনসভাস্থল প্রস্তুত

0
314

আর কয়েক ঘণ্টা পরই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর আদলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

জনসভাস্থলে তিনটি অস্থায়ী হাসপাতাল, সাড়ে পাঁচ শতাধিক শৌচাগার স্থাপন করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অন্যদিকে ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার, পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে রাস্তাঘাট, হাটবাজার আর অলিগলি। বিভিন্ন সড়কের ডিভাইডার, জনসভাস্থলসহ দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাতে আলোকসজ্জা করা হয়েছে। তার আগমন ঘিরে মাদারীপুরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। রাজধানী ঢাকা থেকেও গণমাধ্যম কর্মীরা এসেছেন এখানে।

এ জনসভায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সব বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সিসি ক্যামেরার বসিয়ে পুরো এলাকা নজরদারিতে রয়েছে। প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হবে।’

শুক্রবার (২৪ জুন) মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাটে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here