নজর২৪, ঢাকা- বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ এ আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা।
এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে এসময় উল্লেখ করেন ড. মোমেন।
আব্দুল্লা শহিদ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন। নিকট ভবিষ্যতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে মালদ্বীপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
