ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি একটি ইস্যুতে সমালোচনার মুখে পড়ে কঠিন বাস্তবতা পার করছেন এ অভিনেত্রী। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন মৌসুমী। সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন পোস্টেই তা স্পষ্ট ফুটে ওঠে।
বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার পর ফেসবুকে নিজের তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লেখেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়।’
ফেসবুকে এক লাইনে মনের কথা শেষ করলেও ইনস্টাগ্রাম পোস্টে সেই লাইনের পর আরও কিছু লাইন যুক্ত করেন প্রিয়দর্শনী। তিনি লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলে লুকানো যায়। সামনে যেটা থাকে, সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।’
এমনই অভিমানী পোস্টে তিনি আরো লেখেন, ‘যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’
বেশ কিছুদিন ধরে স্বামী ওমর সানীর সঙ্গে মৌসুমীর মুখ দেখাদেখি, এমনকি কথাও বন্ধ ছিল। সানীর দাবি, এই দূরত্বের জন্য দায়ী জায়েদ খান। তিনি মৌসুমীকে বিরক্ত করতেন। এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দেন সানী।
এরপর মৌসুমী এক অডিও বিবৃতিতে জানান, জায়েদ তাকে কখনো বিরক্ত করেননি। পরে অবশ্য মৌসুমী-সানীর পুত্র ফারদিন মুখ খোলেন। তিনি পুরো বিষয়টি খোলাসা করেন এবং বাবা-মা’র মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান। এরপরেই ১৬ জুন মধ্যরাতে সানীর প্রকাশ করা ছবিতে পুরো পরিবারকে একসঙ্গে খাবার টেবিলে দেখা যায়।
এদিকে সম্প্রতি ওমর সানী আরেক অডিও বার্তায় জানান, তাদের (ওমর সানী-মৌসুমী) মধ্যে যে সমস্যা ছিল তা মিটে গেছে। তারা এখন একই ছাদের নিচে একসঙ্গে আছেন। পরিবার নিয়ে ভালো আছেন, সুখে আছেন।
