Home আলোচিত ‘স্যার, আজকে আমার মন ভালো নেই’ লিখে বিপাকে জবি শিক্ষার্থী

‘স্যার, আজকে আমার মন ভালো নেই’ লিখে বিপাকে জবি শিক্ষার্থী

0
269

ঢাকা: পরীক্ষার উত্তরপত্রে অযাচিত এক বাক্য লিখে বেকায়দায় পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬তম ব্যাচের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। এমন আচরণের ব্যাখ্যা দিতে তাকে ডেকে পাঠিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ।

তানভীর মাহতাব নামের এই শিক্ষার্থী পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার, আজকে আমার মন ভালো নেই’ লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন। বিষয়টি নিয়ে হাসিঠাট্টা তামাশার পাত্রে পরিণত হয়েছেন।

মিডটার্ম পরীক্ষা শেষে অতিরিক্ত একটি উত্তরপত্র সঙ্গে নিয়ে আসেন তানভীর মাহতাব। বুধবার রাতে সেই উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। তারপর বিষয়টি সব জায়গায় ভাইরাল হয়ে যায়। পরে তিনি পোস্টটি ডিলিট করলেও এ নিয়ে চলছে হাসি-তামাশা।

তানভীর বলেন, ‘নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে টাইমলাইনে ফানি পোস্ট দিয়েছিলাম। উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষরটাও আমার দেয়া। বুঝতে পারিনি বিষয়টি এভাবে ভাইরাল হয়ে যাবে। পরে বেকায়দা বুঝতে পেরে পোস্টটি ডিলিট করেছি।’

জানতে চাইলে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে এখনো কিছু জানি না। ওই শিক্ষার্থীকে রোববার বিভাগে এসে দেখা করতে বলা হয়েছে। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জেনে পরের পদক্ষেপ নেব।

ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটরের সইটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয় বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। অপরাধ প্রমাণ হলে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা বহিষ্কার করতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। রোববার ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত জানাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমি এখনো কিছু জানি না।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে বিভাগ যা বলবে, তা—ই হবে। তা ছাড়া উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here