রিয়াজ আহমেদ। টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকা। ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
এক সময় চলচ্চিত্রে দাপিয়ে বেড়ালেও এখন উপস্থিতি নেই তেমন একটা। ভক্তরাও জানতে চান কেমন আছেন চিত্রনায়ক রিয়াজ? কিভাবে কাটছে তার দিনকাল? এ নিয়ে সম্প্রতি এক জাতীয় দৈনিকের মুখোমুখী হন রিয়াজ। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
প্রশ্ন: এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
রিয়াজ: আমার নিজস্ব বিজ্ঞাপনী সংস্থার কাজ নিয়েই ব্যস্ত আছি। প্রতিদিন অফিস করছি। এরপর যে সময়টুকু থাকে তা পরিবারের সদস্যদের নিয়ে কাটাই।
প্রশ্ন: কুরবানির ঈদের জন্য কোনো কাজ করছেন?
রিয়াজ: এখনো করিনি। নাটকের জন্য অনেক গল্প পেয়েছি। কিন্তু সেগুলোতে কাজ করার জন্য আমার মন টানে না। সিনেমার ক্ষেত্রেও একই অবস্থা। এমনিতে আমি অভিনয়ে খুব বেশি ব্যস্ত থাকি না। মানসম্মত এবং পছন্দের বাইরের কোনো কাজ করি না। শুধু টাকার জন্য অভিনয় করতে ভালো লাগে না। সচরাচর মনের মতো গল্প পাচ্ছি না। তাই নিজের প্রতিষ্ঠানের কাজেই ব্যস্ত থাকছি।
প্রশ্ন: ‘রেডিও’ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। সেটির কাজ কতদূর?
রিয়াজ: অনন্য মামুনের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। শুটিংও হয়েছে খুব সুন্দর লোকেশনে। শুরুর দিকের শুটিং হয়েছে মানিকগঞ্জের নদী তীরবর্তী একটি জায়গায়। প্রকৃতির সান্নিধ্যে বেশ মানসিক প্রশান্তি নিয়েই কাজটি করেছি। এ সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আমার বিশ্বাস, এটি দর্শক পছন্দ করবেন।
প্রশ্ন: ‘অপারেশন সুন্দরবন’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন। সেটি কবে মুক্তি পাবে?
রিয়াজ: দীপঙ্কর দীপনের পরিচালনায় একটি অ্যাকশনধর্মী সিনেমা এটি। আমি এখানে একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সুন্দরবন এবং খুলনার বেশ কয়েকটি লোকেশনে এটির শুটিং হয়েছিল। এ ধরনের গল্পের সিনেমায় এর আগে কখনো অভিনয় করিনি। কিছুদিন আগে শুনেছি, এটি নাকি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রযোজক ও পরিচালকের ওপর। আমি শুধু একজন অভিনেতা মাত্র।
প্রশ্ন: মাঝে মধ্যে নাটকেও অভিনয় করতে দেখা যায় আপনাকে। এ মাধ্যমে নিয়মিত কাজ করেন না কেন?
রিয়াজ: ভালো গল্পের নাটকের প্রস্তাব পেলে অভিনয় করি। যেমন গত ঈদে ‘বরফগলা গরম’ নামের একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছি। এটি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রচার হয়েছে। এ সময়ে এসে শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করতে ইচ্ছা করে না।
