দেশের উত্তর-পূর্ব অঞ্চল সিলেট ও সুনামগঞ্জের মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পার করছেন দুর্বিষহ দিন। সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি তাদের পাশে দাঁড়াচ্ছেন শোবিজ তারকারাও।
এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের আঁকা ছবি বিক্রি করে তহবিল গড়তে চান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ২৩ জুন নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন এই অভিনেত্রী।
এ অভিনেত্রী লিখেন— ‘শিল্প আমার পেশা এবং ভালোবাসার জায়গা। আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরির কাজে দিনরাত পরিশ্রম করেছি। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা করেছি। এর থেকে যে অর্থ পাব তা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের দেওয়া হবে।’
এরই মধ্যে কিছু অর্থ সহায়তা দিয়েছেনও ভাবনা। তা উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন, ‘আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি এবং এখনো যতটা সম্ভব করার চেষ্টা করছি। কিন্তু এই মুহূর্তে এটি যথেষ্ট বলে মনে হচ্ছে না। সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের দেশকে, আমাদের মানুষকে সাহায্য করি।’
ভাবনা তার আঁকা কিছু শিল্প কর্মের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। কারো কোনো কাজ পছন্দ হলে বিস্তারিত কথা বলতে তার ফেসবুকের ইনবক্সে মেসেজ করার আহ্বান জানিয়েছেন।





