শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে কলেজ ছাত্রী কর্তৃক ইসলাম ধর্ম ও নবীজি (সাঃ) কে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় চিতলমারীর চরডাকাতিয়া গ্রামের রমনি বালার মেয়ে চিতলমারী শেরে বাংলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী রনিত বালা রনি (১৮) কে চিতলমারী থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে সে কয়েকদিন আগে তার “Ronit Bala roni” নামক ফেসবুক আইডি হতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও অবমাননা করে পোস্ট দেয় এবং ভিডিও ভাইরাল করে। এ বিষয়ে সংবাদ পেয়ে চিতলমারী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান সংগীয় অফিসার-ফোর্সসহ তাৎক্ষণিকভাবে কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উক্ত আইডি হ্যাক করে অন্য যে কেউ এ ধরণের পোস্ট দিতে পারে।
পরবর্তীতে ঘটনা যাচাই বাছাইয়ের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনসহ তাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসে। এদিকে উক্ত পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তারই সূত্র ধরে ২০ শে জুন দুপুর ১২টার দিকে চিতলমারী থানার সামনে তার সঠিক বিচারের দাবীতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ একত্রিত হয়। পরিস্হিতির এক পর্যায়ে উত্তেজিত জনতা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে, এতে থানা ভবনের জানালার কাচের গ্লাস, অভ্যন্তরে রক্ষিত একটি গাড়ী ও থানার পুলিশ পিকআপ সহ কয়েকটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে পুলিশ মিডিয়া সেলের মুখপাত্র পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, উক্ত কলেজ ছাত্রীর ফেসবুক আইডির সঠিকতা যাচাইয়ের জন্য এলআইসি কর্তৃক পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ২৪ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। উত্তেজিত জনতার ছোড়া ইট পাটকেলে আঘাতে ১২ জন পুলিশসদস্য ও ৮ জন সাধারন জনতা আহত সহ থানা অভ্যন্তরে রাখা অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর ব্যাবহৃত গাড়ী, একটি পুলিশ পিকআপ, চারটি মোটরসাইকেল ও থানা ভবনের জানালার গ্লাস ও আসবাব পত্র ক্ষতিগ্রস্হ হয়েছে।
এ ব্যাপারে ১২ জনকে গ্রেফতারের পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
