ভুবন বাদ্যকরের হাতে এখন আইফোন ১৩

বাদাম বিক্রি করতে গিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গান গাইতেন ভুবন বাদ্যকর। সেই গান হয়ে যায় ইন্টারনেটে ভাইরাল। মুহূর্তেই পরিচিতি পেয়ে যান ভুবন। কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকে সীমাবদ্ধ থাকেননি তিনি, পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও।

পরিচিতির সুবাদে ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থায় আসে বিরাট পরিবর্তন। তার কাঁচা মাটির বাড়ি এখন হয়েছে পাকা দালান। সেখানে স্ত্রীকে নিয়ে আরাম-আয়েশে বসবাস করেন।

এবার ভুবন জানালেন, তিনি আইফোন ১৩ ব্যবহার করছেন। যেটার বাজারমূল্য ১ লাখ টাকারও বেশি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে নতুন মোবাইল ফোনটিও দেখিয়েছেন তিনি।

জানা যায়, ভুবন দিল্লিতে গিয়েছিলেন একটি অনুষ্ঠান করার জন্য। সেখানেই উপহার হিসেবে পান ফোনটি। আর উপহার পাওয়ার এই ভিডিওটি হিন্দিতে তৈরি করেছেন তিনি। ফোনটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর ক্যামেরার বিষয়েও জানিয়েছেন। আর তার বাংলা মেশানো সেই হিন্দি শুনে বেশ মজা পাচ্ছে দর্শকরা। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল এই তারকার উপহার পাওয়া কালো রঙের আইফোন-১৩ এর সর্বনিম্ন মূল্য ৭২ হাজার ৯৯০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ হাজার টাকারও বেশি। তবে এর মূল্য নির্ভর করে ফোনের স্পেসিফিকেশনের উপর। এ কারণে ধারণা করা হচ্ছে, ভুবনের উপহার পাওয়া ফোনটির দাম লাখ টাকারও বেশি হতে পারে।

প্রসঙ্গত, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম…’ গান গেয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ভুবন। তারপর অনেকে তার সঙ্গে দেখা করতে তার বাড়ি যান। কেউ কেউ তাকে উপহারও দিয়েছেন। আবার সংবর্ধনাও দেয়া হয়েছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *