বলিউড সুপারস্টার শাহরুখ খানের ক্রিকেট প্রেম সম্পর্কে সবারই জানা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স দিয়ে ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন তিনি।
এবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারীদের টুর্নামেন্টে ‘ত্রিনিবাগো’ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাহরুখ ও জুহি চাওলার প্রতিষ্ঠান ‘নাইট রাইডার্স।’ সিপিএল বলিউড বাদশার এটি দ্বিতীয় দল।
চলতি বছর অনুষ্ঠিতব্য নারীদের সিপিএলের প্রথম আসর থেকেই মাঠে নামবে দলটি। আইপিএলের সাফল্যের পর বিভিন্ন লিগেও বিনিয়োগ করে যাচ্ছেন কিং খান।
টুইটারে এ খবরটি নিজেই জানিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, প্রথমবারের মতো নারী ক্রিকেট দলের মালিকানা নিল নাইট রাইডার্স। দলটির নাম ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। নারী সিপিএলের প্রথম আসর থেকেই দলটি খেলবে।
শাহরুখ লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি, আমি ওদের সরাসরি দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’
৩০ আগস্ট শুরু হচ্ছে নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। শাহরুখের দল ছাড়াও টুর্নামেন্ট খেলার জন্য নিশ্চিত হওয়া অন্য দুটি দল হলো ‘বার্বাডোজ রয়্যালস’ এবং ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স’।
শাহরুখ ও জুহি চাওলা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক। নারী সিপিএলের নতুন দল ছাড়াও তাদের আরও চারটি ক্রিকেট দল আছে। এগুলো হলো আইপিএলে ‘কলকাতা নাইট রাইডার্স’, আমেরিকার ঘরোয়া টুর্নামেন্টে ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’, পুরুষদের সিপিএলে ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’ ও আবুধাবির ঘরোয়া লিগে ‘আবুধাবি নাইট রাইডার্স’।
ক্রিকেট ছাড়াও এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত শাহরুখ। তার হাতে এই মুহূর্তে রয়েছে পাঠান, ডানকি ও জওয়ান নামে বিগ বাজেটের তিনটি সিনেমা।
