বানভাসিদের সাহায্যে টিম গঠন করেছেন মাহি-রাকিব, চাইলেন পরামর্শ

সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন। এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। ইতোমধ্যে তারা একটি টিমও গঠন করেছেন।

রোববার (১৯ জুন) রাত আটটার পর ফেসবুক লাইভে আসেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। এ সময় তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান এবং বানভাসিদের জন্য কি কি করা যায় সে বিষয়ে সাজেশন চান।

ক্যাপশনে লিখেছেন, ‘বন্যাকবলিত সিলেটবাসীর পাশে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঠিক এই পরিস্থিতিতে কোন এলাকায় যাওয়া যায়, কি কি করা যায় তার পরামর্শ চাই।’

মাহি বলেন, ‘সিলেটে বন্যার যে পরিমাণ ভয়াবহ অবস্থা, আমাদের সবারই যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট খুব পছন্দ করি। জীবনে অনেকবার অনেকেই সিলেটে ঘুরতে গেছেন। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে গেছেন। সিলেটের এই দুর্দিনে সবারই এগিয়ে আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘সিলেটে এত পরিমাণে বাজে অবস্থা, কি করবো বুঝে উঠতে পারছি না। আমার আইডিতে অনেকেই আছেন, সবাই আমাকে একটু সাজেস্ট করবেন কি কি করা যায়। আমরা কিছু একটা করতে চাই।’

অন্যদিকে রাকিব বলেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের যে দুর্ভোগ, এ সময় যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সঠিক পরামর্শ ও নির্দেশনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সিলেট বৃহৎ একটি এলাকা। কোন এরিয়াতে মানুষ বেশি অবহেলিত, এই মুহূর্তে কাদের পাশে দাঁড়ানো উচিত এবং কী ধরণের সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি- এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটা টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা সেটি গ্রহণ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *