এবার ‘পদ্মা সেতু’ নিয়ে গান গাইলেন হিরো আলম

সম্প্রতি রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানো হচ্ছে- এমন অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও হয়।

তবে সেসবকে পাত্তা দেন না হিরো আলম। এবার পদ্মা সেতু নিয়ে নতুন একটি গান করেছেন তিনি।

‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয় গান, পদ্মা সেতুর গান, বাঙালির জয়গান; জয় হলো আজ বাংলাদেশের, বিশ্ববাসী আজ তাকিয়ে দেখে; বঙ্গবন্ধুর সোনার দেশে একটি পদ্মা সেতু দাঁড়িয়ে আছে…’ এমন কথার গানটি এখনো প্রকাশ করা হয়নি।

রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির শুটিং চলছে বলে জানান হিরো আলম। তিনি আরো জানান, শুটিংয়ের পর এডিটিংয়ের কাজ করেই ভিডিওটা প্রকাশ করা হবে।

‘পদ্মা সেতু’ নিয়ে গান প্রসঙ্গে হিরো আলম জানান, ‘পদ্মা সেতু নিয়ে গানের কোনো প্ল্যান ছিল না। ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে গালাগালি করার প্রয়োজন নেই। আমার গান সবাইকে শুনতে হবে না। যাদের ভালো লাগবে তারা শুনবেন। যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন।’

মাওয়া এলাকায় শুটিং করাকালীন হিরো আলম জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *