ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি প্রথমবার বগুড়া এসে দর্শকদের মাতিয়ে গেলেন। তার সঙ্গে ছিলেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ।
শনিবার (১৮ জুন) দুপুরে হেলিকপ্টারে চড়ে বগুড়ার এই চিত্রনায়িকা। তিনি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ‘তালাশ’ টিমের সঙ্গে উপস্থিত হন। সেখানে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেন।
নতুন সিনেমার প্রচারণায় এসে চিত্রনায়িকা বুবলী বগুড়ার আঞ্চলিক ভাষায় সবাইকে সম্ভাষণ করে বলেন, ‘কেঙ্কা আছেন আপনারা? মধুবন সিনেপ্লেক্সকে খুব ভালো লেগেছে। এত সুন্দর ডেকোরেটেড। সব মিলিয়ে প্রথমবার বগুড়ায় এসে খুবই মুগ্ধ।’
শবনম বুবলী আরও বলেন, ‘এখানে না এলে বুঝতে পারতাম না দর্শকরা আমাদের ছবিটিকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে। এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’
এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে চড়ে বগুড়ার পাঁচ তারকা মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে ওঠেন বুবলী ও আদর আজাদ। সেখানে বিশ্রাম নিয়ে তারা বগুড়া শহরের মধুবন সিনেপ্লেক্সে আসেন। তাদের সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক সৈকত নাসিরসহ অন্যরা।
রোমান্টিক গল্পে নির্মিত ‘তালাশ’ সিনেমা। তালাশের মূল চরিত্রে রয়েছেন আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আদর বগুড়ার ছেলে। ‘তালাশ’ সিনেমা দিয়েই চলচ্চিত্র জগতে তার প্রবেশ।
‘তালাশ’ সিনেমা দেখার আহ্বান জানিয়ে অভিনয় শিল্পিরা জানান, ‘তালাশ’ সিনেমাটি রোমান্টিক গল্পের। যারা প্রেম করেছেন বা করছেন অথবা যারা প্রেমে ব্যর্থ হয়েছেন এ সিনেমা তারা পছন্দ করবেন। এ সিনেমার গানগুলোও অনেক সুন্দর, সঙ্গীতপ্রেমীরা পছন্দ করবেন। সবশেষে ‘তালাশ’ সিনেমায় সবকিছুই আছে। সবারই খুব ভালো লাগবে।
নায়ক আদর আজাদ জানান, জনপ্রিয় নায়িকা বুবলীর সঙ্গে অভিনয় করতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি আশা করছেন বগুড়ার বাসিন্দারা ‘তালাশ’ সিনেমাটি দেখবেন। এ জেলা থেকে সিনেমাটি সারাদেশে সাড়া ফেলবে।
