কাটে না সময় যখন আর কিছুতে/ বন্ধুর টেলিফোনে মন বসে না/ জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/ মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়, আয় খুকু আয়।
হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি সন্তানদের মনে করিয়ে দেয় বাবা আসলে কী? বাবা হলেন সেই বটবৃক্ষ যার ছায়াতলে সন্তান সবচেয়ে নিরাপদ থাকে।
বাবা শব্দটি দায়িত্ব ও ভালোবাসায় ঘেরা। বাবা হলেন শ্রদ্ধা, ভয়, উৎসাহ, নির্দেশনা ও নির্ভরতার জায়গা। আজ (১৯ জুন) বিশ্ব বাবা দিবস।
এ দিনে সন্তানেরা বাবাকে স্মরণ করছেন নানাভাবে। বাবা দিবসে তারকারাও জানিয়েছেন বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম জানালেন বাবাকে নিয়ে তাঁর আবেগ-অনুভূতির কথা।
মিম বলেন, বাবা আমার জীবনের প্রাণশক্তি। যেকোনো সময়ে আমাকে সমর্থন দেওয়া সবচেয়ে কাছের বন্ধু তিনি। কীভাবে সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, সেটি তিনিই আমাকে শিখিয়েছেন।
যেহেতু আমার বাবা শিক্ষকতা পেশায় ছিলেন, তাই বিভিন্ন সময়ে যখন বাবার কর্মক্ষেত্রে গিয়েছি, দেখেছি বাবাকে সবাই কত সম্মান করেন, ভালোবাসেন। বাবা আমার সঙ্গে এখন কোথাও গেলে তিনি উপভোগ করেন সেই বাবারই মেয়েকে মানুষ কতটা ভালোবাসছে, শ্রদ্ধা করছে। আনন্দে অনেক সময়ই বাবার চোখে জল চলে আসে।
নিশ্চয়ই এটা অনেক ভালো লাগার যে বাবার আনন্দ হওয়ার মতো, গর্ব করার মতো জীবনে কিছু একটা করতে পেরেছি। এখনো বাবা আমাকে ‘বাবু’ বলে ডাকেন। এই সময়ে এসেও বাবার বাবু ডাকার মধ্যে ছোট্টবেলার সেই আদুরে ডাকটাই পাই আমি।
‘আমার আছে জল’ সিনেমার প্রথম পারিশ্রমিক পাওয়ার পর পুরো টাকাটা বাবার হাতে তুলে দিয়েছিলাম। তার আগে যখন অষ্টম শ্রেণিতে বৃত্তি পেলাম, সে টাকাও বাবার হাতে তুলে দিয়েছিলাম। সত্যি বলতে, বাবা আমার জীবনের পুরোটাতে এমনভাবে মিশে আছেন, বাবা ছাড়া পৃথিবীতে আমি একটি দিনও কল্পনা করতে পারি না।
