কোরবানির টাকা বন্যার্তদের বিলিয়ে দিবেন অনন্ত জলিল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার্তদের উদ্ধারে শুক্রবারই মাঠে নেমেছে সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এ তৎপরতায় যুক্ত হয়েছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ।

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে সারাদেশের মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আর্তি জানাচ্ছেন অনেকেই। দেশের ভয়াবহ এ বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনে। তারা নিজেরা সাহায্যের পাশাপাশি সবাইকে সাহায্যের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ও ঢাকাই সিনেমার চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। বন্যার্তদের সহায়তায় তিনি নিয়েছেন এক ব্যাতিক্রমী উদ্যোগ।

শনিবার (১৮ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই উদ্যোগটির কথা জানান।

সেই ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো। শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না। আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্‌ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।’

উল্লেখ্য, আসন্ন ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অনন্ত জলিলের বিপরীতে বরাবরের মতো অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *