ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি: জয়া আহসান

সিলেট-সুনামগঞ্জ ডুবে যাচ্ছে বন্যায়, ভেসে যাচ্ছে স্রোতে। সড়ক তো বটেই, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় গোটা দেশ থেকেই প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব অঞ্চলের মানুষ ও জীবন।

বানভাসি মানুষের এই হাহাকার ছুঁয়েছে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের প্রাণবিক হৃদয়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বন্যাদুর্গত এলাকার কিছু ছবি ও ভিডিও পোস্ট করে শনিবার দুপুরে জয়া লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।’

সেই অঞ্চলের মানুষ-পশুপাখির সবার সুরক্ষা কামনা করে জয়া লেখেন, ‘এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’

দেশের সব মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *