সারাদেশে রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ

ঢাকা: বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারা দেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে, যেখানে ওই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল।

এর আগে, গত ১৬ মে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রাজধানীতে সার্বিক শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে যানজট নিরসনে জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর সব দোকানপাট, শপিং মল বন্ধের কথা বলেছিলেন।

এরপর ১০ জুন এক অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, আগামী ১ জুলাই থেকে ঢাকা শহর রাত ৮টার পর বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। তবে রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে বলেও জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *