ভেবেছিলাম ৩০ বছরে দুই বাচ্চার মা হব: সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাউর হয়নি। ব্যক্তিগত জীবনে এখনো একা।

প্রেম-বিয়ে নিয়ে কথা বলতেও দেখা যায়নি সাই পল্লবীকে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে এবার কথা বললেন এই অভিনেত্রী। ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী বলেন—‘আমার ভাবনা ছিল, ২৩ বছর বয়েস বিয়ে করব। আর ৩০ বছরের মধ্যে দুই বাচ্চার মা হবো।’

সাই পল্লবীর বয়স ২৩ পেরিয়ে গেলেও বিয়ের ফুল এখনো ফোটেনি। তবে কবে নাগাদ বিয়ে করবেন সে বিষয়েও কিছু বলেননি তিনি। কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা তা নিয়েও পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন এই নায়িকা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে সাই পল্লবীর সিনেমা ‘বিরতা পারবম’। এ সিনেমায় তাঁর নায়ক রানা দাগ্গুবতি। বেশ কিছুদিন ধরেই তাঁরা সিনেমার প্রচারণায় ব্যস্ত।

সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের নাম বেনেলা। নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারবম’ সিনেমার কাহিনি। রানার চরিত্রের নাম কমরেড রাবনা। একসময় রানার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাই পল্লবীর। রানাকে পেতে ঘর ছাড়েন তিনি।

বেণু উরুগুলা পরিচালিত ‘বিরতা পারবম’ সিনেমায় রানা দাগ্গুবতি ও সাই পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রিয়ামণি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, জারিনা ওয়াহাব, ঈশ্বরী রাও, সাই চন্দ ও নিবেতা পিথুরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *