নিজেকে এখন অভিনেতা ভাবি: ইমন

বাংলা চলচ্চিত্রের এই সময়ের ব্যস্ত চিত্রনায়ক মামনুন হাসান ইমন। চলচ্চিত্রে তার পথচলা ২০০৭ সাল থেকে। ১৫ বছরের ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘আগামীকাল’। সেই সিনেমা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

প্রশ্ন: ‘আগামীকাল’ চলছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

ইমন: মুক্তির দিন থেকেই ভালো সাড়া পাচ্ছি। থ্রিলারধর্মী ছবিটি দর্শক পছন্দ করেছেন। কিছু দর্শক বলেছেন, এমন ছবির জন্য অনেক দিন অপেক্ষায় ছিলেন। কারণ একের পর এক গৎবাঁধা ছবির গল্প দেখতে দেখেতে তাঁরা হতাশ। যে জন্য অনেকে সিনেমা হলে যাওয়া ছেড়ে দিয়েছেন। তাঁদের কথায় এটাই প্রমাণ হয়, সিনেমা হলে দর্শককে ফিরিয়ে আনতে ভালো ছবির বিকল্প নেই।

প্রশ্ন: দর্শকের সঙ্গে নিশ্চয়ই সিনেমাটি দেখেছেন…

ইমন: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতাসহ আরও কিছু হলে দর্শকের সঙ্গে ছবি দেখে আনন্দ ভাগাভাগি করেছি। দর্শক আমার অভিনীত শাফায়েত চরিত্রটির প্রশংসা করেছেন। তবে অনেকে ছবিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। কেন তাঁরা এ কাজটি করছেন, তা আমার কাছে পরিস্কার নয়। তাঁদের উদ্দেশে বলতে চাই, দর্শক ছবিটি না দেখলে দ্বিতীয় সপ্তাহেও হলগুলোয় কেন এটি চলছে।

প্রশ্ন: মডেলিং দিয়ে ক্যারিয়ারের উজ্জ্বল উপস্থিতি জানান দিয়েছিলেন, সেই মাধ্যমে আপনাকে খুব একটা পাওয়া যাচ্ছে না কেন?

ইমন: এ কথা সত্যি যে, অভিনয়ে ব্যস্ততার কারণে বিজ্ঞাপনে কাজ কম করছি। তবে একেবারে মডেলিং ছেড়েছি, তা কিন্তু নয়। ভালো কাজ পেলে অবশ্যই করছি।

প্রশ্ন: নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে উপলব্ধি কী?

ইমন: ক্যারিয়ার নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নই। আরও ভালো কিছু ছবিতে কাজ করতে চাই। দেখুন, আমি এখন আর তথাকথিত নায়ক নই। নিজেকে অভিনেতা ভাবি। গল্পপ্রধান অভিনয়কেন্দ্রিক ছবিতে আমি যদি দাগ কাটার মতো কোনো কাজ করতে পারি, তাহলে দর্শক আমাকে বেশি মনে রাখবেন।

প্রশ্ন: আপকামিং সিনেমাগুলো সম্পর্কে বলুন-

ইমন: হাতে বর্তমানে তিনটি ছবি রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত ‘বীরত্ব’ ছবিতে প্রতিবাদী ছাত্র, বিখ্যাত লেখকের প্রেমের গল্পের ‘কাগজ’ ছবিতে লেখক ও কমেডি, থ্রিলারধর্মী ‘কানামাছি’ ছবিতে ইউটিউবারের ভূমিকায় অভিনয় করেছি। ছবিগুলো নিয়ে আমি বেশ আশাবাদী।

প্রশ্ন: নতুন সিনেমায় চুক্তির ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন?

ইমন: অবশ্যই গল্প এবং চরিত্র। সঙ্গে মেকিং। গল্পটা দর্শকদের সামনে কীভাবে প্রেজেন্ট করা হবে, তাও দেখি। সিনেমায় আমার কো-আর্টিস্ট একজন স্টার নায়িকাই যে হতে হবে, এমন নয়। যদি গল্প ভালো হয়, নতুন নায়িকাদের সঙ্গেও কাজ করতে আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *