বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির নায়িকা শাবানা। অনেকদিন অভিনয়ে নেই। তবু আজও তার আবেদন এতটুকুও কমেনি। গ্রাম বাংলার নারীর চির শাশ্বত যে রুপ তার প্রতীকই যেন শাবানা। প্রেমে, আবেগে, স্নেহ, মায়া ও প্রয়োজনে বিপ্লবী চরিত্রের বাঙালি নারীর সৌন্দর্য তিনি বহুবার ফুটিয়ে তুলেছেন রুপালি পর্দায়।
টানা তিন দশক তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা।
কিংবদন্তি এই নায়িকার সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন এই সময়ের ব্যস্ত নায়ক সাইমন সাদিক। বুধবার (১৫ জুন) এই গুণী অভিনেত্রীর জন্মদিনে সেই স্মৃতিচারণ করে এক ফেসবুক পোস্ট দিয়েছেন সাইমন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক লিখেছেন, একজন অভিনেত্রী বা অভিনেতা যে সমাজকে বদলে দিতে পারে তা আপনার অভিনয়ের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে। আপনার অভিনয় দেখে শিক্ষা গ্রহণ করেনি এমন মানুষ বাংলায় কম। অনেক পরিবারের আচরণ সুন্দর হয়ে গেছে আপনার সিনেমা দেখে।
সাইমন আরও লেখেন, শুধু সিনেমায় নয়, বাস্তব জীবনেও যে আপনি কতো বড় মনের মানুষ তা আপনার সঙ্গে দেখা না হলে বুঝতামই না। জানতাম না সিনেমা ও দেশের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা কতো গভীরে আপনি লালন করেন, আমাদেরকে কতো ভালোবাসেন। জীবনে একদিন দেখা হয়েছে আমাদের মিশা ভাইয়ের মাধ্যমে। আপনার স্নেহ পেয়ে মনে হয়েছিলো আমি আপনার অনেক আপন।
আপনি আমাদের আপনের আপন। আপনি আমাদের অভিভাবক। আজ আপনার জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি আপনাকে সবসময় সুস্থ রাখুন, সুন্দর রাখুন।
