অন্যকে নিয়ে যেমন মুহূর্তে মজায় মাতেন, ঠিক তেমনি নিজেকে নিয়েও মজা করার উস্তাদ তিনি! কিন্তু এবার নিজেকে নিয়ে মজা করে রীতিমত নেটিজেনদের কটাক্ষের শিকার ‘মীরাক্কেল’ খ্যাত উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী!
মঙ্গলবার বিকেলে একটি ভিডিও ক্লিপ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মীর। ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের খাটে দাঁড়িয়ে ‘তুমি কেন সরে আছো’ শিরোনামের একটি ‘আইটেম গান’ গাইছেন মীর! সেই সঙ্গে নানান অঙ্গ ভঙ্গিতে নাচছেন! হ্যাশট্যাগে ‘ভীমরতি’ শব্দটি লিখে জানিয়েছেন, ‘মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে।’
আর তাতেই মীরের কমেন্ট সেকশনে নেটিজেনদের তুলোধুনো! মীর ‘অশ্লীল’ ভঙ্গিমায় নেচেছেন বলে মন্তব্য করছেন তার ভক্তরা। কেউ স্যান্ডির সাথে তুলনা করছেন, আবার কেউ তাকে বলছেন নব্য রোদ্দুর রায়! মন্তব্যের ঘরে স্বয়ং স্যান্ডি সাহা বললেন, ‘মার্কেটে নতুন প্রতিযোগী!’। যে মন্তব্যটিতে পড়ছে অসংখ্য হা হা রিয়েক্ট!
এমন ভিডিও দেয়ায় সাধারণ ভক্তদের অনেকে মনক্ষুণ্ন হয়েছেন। অন্তত তাদের মন্তব্যে এমনটাই দেখা গেছে। আখতারুজ্জামান আজাদ নামের একজন লিখেছেন, “মীর ভাই, বুদ্ধিবৃত্তিক উপায়ে মানুষকে আনন্দ দেওয়ার যে সক্ষমতা আপনি রাখেন, আপনার সেরেফ যে মিমিক্রি-ক্ষমতা, আপনার যে সুগভীর রসবোধ; তা দিয়েই আপনি সবাইকে আমৃত্যু মাতিয়ে রাখতে পারেন। আপনি দুই বাংলার সেরা উপস্থাপকদের একজন। এ ধরনের ভিডিওধারণ ব্যক্তিগত পর্যায়ে ঠিক আছে, নিজেরা নিজেরা মজা করার জন্য এসব করা যেতেই পারে। কিন্তু এমন বিবমিষা উদ্রেককারী ভিডিও জনসম্মুখে প্রকাশ করা আপনার জন্য একেবারেই নিষ্প্রয়োজন।”
আর্থ কিশোর নামের একজন লিখেছেন, ‘এর থেকে ভাল আনন্দ আপনার মিমিক্রিতে আছে। অযথা নিজেকে কেন সস্তা করতে চাইলেন সেটা বুঝলাম না।’
সোয়েব হোসেন নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও সত্যিই আশা করিনি। অপ্রিয় হলেও সত্য এগুলা নিজের ব্যাক্তিত্বের উপর প্রশ্ন রেখে যায়।’
অধরা জাহান লিখেছেন, ছি! আপনার দীর্ঘ দিনের একটা সংগ্রামী নেইম ফ্রেম। পুরোটায় আজ এই বিছানার উপর দিয়ে গেলো। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেলো। এক মৃত ফেইসবুকের সস্তা লাইক শেয়ার মানুষের যুগের পর যুগ ধরে অর্জিত সম্মান কোথায় নামায় তার একটি উদাহরণ হয়ে রইলেন আপনি। আমি বিশ্বাস করছি কেও আপনাকে ডেট ওভার পানি খাইয়েছেন।
এ মন্তব্যের সঙ্গে আরো অনেকে সহমত পোষণ করে কমেন্ট করেছেন। সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন তারা।
জানা গেছে, শহরের এক পাঁচতারা হোটেলে শুটিং ছিল মীরের। টানা শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল তার। তখই একান্ত মজার ছলেই এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি! শুধুমাত্র নীল রঙের পাঞ্জাবি ছিল মীরের পরনে। সেই অবস্থাতেই সাদা ধবধবে বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারকা। তারপর গান করতে করতে নাচতে থাকেন।
ভারতের ডিডি বাংলা চ্যানেলের নিউজ প্রোগ্রাম ‘খাস খবর’-এর মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় হাজির হন মীর। তারপর ‘হাউ মাউ খাউ’, ‘বেটা বেটির ব্যাটল’ শিরোনামে অনুষ্ঠান উপস্থাপনা করেন। কিন্তু উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন জি-বাংলার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের মাধ্যমে। বিশেষ করে মীরাক্কেলের সিজন ৬ বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলে। মীর তুমুল জনপ্রিয়তা পান দুই বাংলায়। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি সংগীত চর্চাও করেন। ‘ব্যান্ডেজ’ শিরোনামে মীরের একটি গানের দলও রয়েছে। বর্তমানে ফুড ভ্লগিং চালিয়ে যাচ্ছেন। এই কাজে সম্প্রতি বাংলাদেশও ঘুরে গেছেন তিনি।
