পদ্মা সেতু নির্মাণের সরঞ্জাম থাকবে জাদুঘরে

ঢাকা: পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে মাদারীপুরের ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী; তাদের সঙ্গে ছবি তুলবেন বলে জানিয়েছেন। এছাড়া সচিব-মন্ত্রীদের সঙ্গেও ছবি তুলবেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে গ্রুপে-গ্রুপে ভাগ হয়ে ছবি তুলবেন। শুধু ছবি তোলা নয়, সেই সঙ্গে একটা মিউজিয়ামও হবে; সেই মিউজিয়ামে ছবিগুলো রাখা হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম থাকে। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশও ওই মিউজিয়ামে থাকবে। মাদারীপুরের ভাঙ্গা অংশে এটি নির্মাণ করা হবে।’

প্রধানমন্ত্রী আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পানি প্রবাহ ঠিক রাখতে হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেকের সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ওই এলাকায় ১০ লাখ মানুষের জমায়েত করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *