তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা ইমাম পরিষদ এবং অন্যান্য ইসলামী সংগঠন।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল করে তারা। দল মত নির্বিশেষে ধর্মপ্রান মুসল্লিরা এসে যোগ দেয় মিছিলে।
মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী এখন দেশটিতে ইসলাম, ইসলামী মূল্যবোধ ও ইসলামী স্মারকগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে।
সেই ধারাবাহিকতায় ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী (সা.) ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম আজহার, ভূঞাপুর পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান,আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল,মোঃ রেজাউল ইসলাম,মোঃ মনোয়ার হোসেন,মোঃ মোয়াজ্জেম হোসেন,অধ্যাপক সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান,হাফেজ মাওলানা শহিদুল্লাহ আন্দিপুরী সহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রান মুসল্লিরা।
