Home বিনোদন শান্ত খানের প্রশংসা করে ভিডিও বার্তা দিলেন শ্রাবন্তী

শান্ত খানের প্রশংসা করে ভিডিও বার্তা দিলেন শ্রাবন্তী

0
253

কলকাতা বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় তিনি। শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ১০ জুন সারাদেশে মুক্তি পাবে। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী। পাশাপাশি এপার বাংলার নায়ক শান্ত খানের অভিনয়ের প্রশংসা করেছেন।

শ্রাবন্তী এক ভিডিও বার্তায় বলেন, ‘বিক্ষোভ’ সিনেমায় সবাই ভালো কাজ করেছেন। বিশেষ করে আমার সহশিল্পী শান্ত খুবই সম্ভাবনাময়ী নায়ক। আমি চাই ও (শান্ত) আরও ভালো ভালো কাজ করুক। এ সিনেমায় শান্ত খুবই ভালো কাজ করেছে। সিনেমাটিতে শান্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে।’

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ভিডিও বার্তায় শ্রাবন্তী আরও বলেন, ‘লন্ডন থেকে আমি আমার বাংলাদেশের ভালোবাসার মানুষের সাথে কথা বলছি। অনেকদিন পর বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। এজন্য আমি আনন্দিত। ইচ্ছে ছিল সিনেমাটির মুক্তির সময় বাংলাদেশে থাকব। কিন্তু অন্য সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করায় সেটা হয়নি। সিনেমাটি সবার ভালো লাগবে। কারণ, সিনেমার গল্প সড়ক দুর্ঘটনা নিয়ে। এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বার্তা। আশা করি, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘শিগগিরই আমি বাংলাদেশে আসছি নতুন আরেকটি সিনেমার জন্য। করোনা মহামারির ধকল কাটিয়ে বাংলাদেশে আবারও সিনেমার শুটিং শুরু হয়েছে। এটা আমাদের শিল্পীদের জন্য খুবই আনন্দের সংবাদ। বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো খবর। সবশেষে বলতে চাই- সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে আমাদের আরও ভালোবাসা দেবেন।’

সিনেমায় আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here