আবার জুটি বাঁধলেন ফেরদৌস-নিপুণ

এক সময় দেলোয়ার জাহান ঝন্টুর নির্মাণের জাদু দেখেছিল ঢাকাই সিনেমার দর্শক। কিন্তু সর্বশেষ ‘তুমি আছো তুমি নেই’ ছবির ব্যর্থতা সবচেয়ে বেশি ছবি নির্মাতার কীর্তিকে ম্লান করে দিয়েছে।

ঝন্টুও বসে থাকার পাত্র নন। শুরু করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও নিপুণ। নাম শুনেই বোঝা যাচ্ছে, ছবিতে তাদের গ্রামীণ লুকে দেখা যাবে।

আশির দশকের রোমান্টিক প্রেমের গল্প এবং প্রতিবাদী নারী নেতৃত্ব এ দুই বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। গ্রামের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি। তিনি একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এটা একটা ফোক সিনেমা। মাঝখানে অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে।

নিপুণ বলেন, গ্রামীণ গল্পে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে, মূলত এ বিষয়টির জন্য সুজন মাঝির সঙ্গে যুক্ত হয়েছি। ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতেও ভালো লাগবে।

এ সিনেমায় আরও অভিনয় করবেন- খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও গাঙ্গুয়াসহ অনেকেই। সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *