ঠাকুরগাঁও: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নবনির্মিত পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি না। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয়েছে। এই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একইসঙ্গে মাওয়ার পাড়ে ও ফরিদপুর সাইটে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।’
তিনি বলেন, ‘যমুনা সেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। একজনের নামেই সব ব্যানার, ফেস্টুন ও মূর্তি তৈরি হয়ে যায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিল। বিএনপির অবদান তারা কখনোই স্বীকার করে না।’
বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতু নিয়ে বিভিন্ন রকম কথা বলে দেশ ও জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংকটটা পদ্মা সেতু নয়, সংকটটা আমার অধিকার। ভোটের অধিকার। সংকট হচ্ছে আমার বিচার না পাওয়া। সংকটটা হচ্ছে আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া। এ বিষয়গুলোতে আমাদের সংকট। এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষকদের একত্রিত করার চেষ্টা করছি। দেশকে, জনগণকে, একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য।
