সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহত ১২

চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ভয়াবহ ডিপোতে আগুনে ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আগুন এবং বিস্ফোরণে আহত হয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে দুই শতাধিক। এছাড়া আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালকুদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১২ জনের লাশ পেয়েছি আমরা। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুল হক জানান, সকালে ডিপো থেকে ২ ফায়ার ফাইটারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর তাদের আটটি ইউনিট কাজ শুরু করে। কিছু পরে সেখানে যোগ দেয় আরও সাতটি ইউনিট। ভোরের দিকে আশেপাশের জেলা থেকে পাঁচটি ইউনিট যোগ দেয়। তবে বিস্ফারণ অব্যাহত থাকায় ফায়ার কর্মীরা আশেপাশে যেতে পারেননি দীর্ঘক্ষণ। সাথে যোগ হয় পানির স্বল্পতা।

রাত ১১টার দিকে ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে কনটেইনার বিস্ফোরণ শুরু হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ভোর পযর্ন্ত আগুন জ্বলতে দেখা গেছে ডিপোতে। কিছু সময় পর পর কনটেইনার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দে অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে অনেকে মালামাল সরানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *