স্পোর্টস আপডেট ডেস্ক: দীর্ঘ দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। তার অবসরের খবরটি নিশ্চিত করেছে শীর্ষ আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
লুজ আনিমেলস নামের এক অনুষ্ঠানে সাংবাদিক আলেহান্দ্রো ফান্তিনোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তেভেজ তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল খেলার, তবে খেলোয়াড় হিসেবে আমার যা দেওয়ার ছিল তার সবই দিয়েছি। সন্তুষ্টি নিয়েই ক্যারিয়ার শেষ করছি।’
গত বছর করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন তেভেজের বাবা সেগুন্দো রাইমুন্দো। বাবাকে নিজের ‘এক নম্বর সমর্থক’ হিসেবে বর্ণনা করে তেভেজ বলেছেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি কেন খেলা ছেড়ে দিচ্ছি, আমি তাদের বলেছি, আমি আমার এক নম্বর সমর্থককে হারিয়েছি, আর সেজন্যই আর খেলা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।’
আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জেতেন তেভেজ। খেলেছেন দুইটি বিশ্বকাপও। বোকা জুনিয়র্সের হয়ে পাঁচবার আর্জেন্টাইন লিগের চ্যাম্পিয়ন হয়েছেন, জিতেছেন কোপা লিভারতোদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।
২০০৫ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলতে ইউরোপে আসেন তেভেজ। ক্লাবকে রিলেগিশেন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর তেভেজ যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে দুবার প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন তিনি।
ইউনাইটেড থেকে আলোচনার জন্ম দিয়ে তেভেজ যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাবের ইতিহাসের প্রথম লিগ শিরোপা দলের অংশ তিনি। এরপর জুভেন্তাসের হয়ে মাঠ মাতান তেভেজ। ইতালির ক্লাবটির হয়ে দুবার সিরি আর শিরোপা জিতেছেন তিনি। সেখান থেকে চাইনিজ লিগে গিয়েও লিগ শিরোপা জেতেন আর্জেন্টাইন তারকা।
