রাজধানীর অদূরে পূর্বাইলে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নিজস্ব বাড়ি। এই বাড়িতে অবশ্য শাকিব খান থাকেন না। শুটিংয়ের কাজে ব্যবহার করেন। এবার শাকিবের এই বাড়িতে নতুন সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আর এ ছবির নাম ‘অফিসার’। এতে মাহির নায়ক ডি এ তায়েব। এর আগে তার সঙ্গে জুটি বেঁধে ‘অন্ধকার জগত’ সিনেমায় অভিনয় করেছেন মাহি।
ছবিটির নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘‘অফিসার’ সিনেমার শুটিং প্রায় শেষ। গতকাল সারা দিন শাকিবের বাড়িতে শুটিং করেছি। এসময় মাহির অংশ নিয়েছিল। আজ মিশা সওদাগরের ডাবিং হচ্ছে। এরপরই মিশা আর মাহির অংশের কাজ শেষ হবে। বাকি থাকবে ডিএ তায়েবের অংশ। পুলিশ অপারেশনের সিনেমা। ডিএ তায়েবের অংশ শেষ করলেই সিনেমার শুটিং শেষ।’’
চলতি বছরের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশান। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, রশিদ, অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজসহ অনেকেই।
উল্লেখ্য, নায়িকা মাহি এখন ব্যবসায়ীও বটে। তবে সম্প্রতি জানিয়েছেন তিনি প্রযোজক হতে চান। মজার ব্যাপার হলো, নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান মাহি। অবশ্য কবে নাগাদ প্রযোজনায় নামবেন, স্পষ্ট করে সেই তথ্য দেননি ‘অগ্নি’ খ্যাত নায়িকা।
