আমার মধ্যে কখনও তারাহুড়া ছিলো না: আঁখি আলমগীর

আঁখি আলমগীর। তারকা কণ্ঠশিল্পী। গানের এই সুরেলা পাখি বছর জুড়েই স্টেজ নিয়ে ব্যস্ত থাকেন। মধ্যে করোনার কারণে স্টেজ বন্ধ ছিল দীর্ঘ সময়। এই সময়ে ঘরেই কাটিয়েছেন আঁখি বেশিরভাগ সময়। পরিবারের নিরাপত্তার দিকেই জোর দিয়েছেন। তবে চলতি বছরের শুরু থেকেই স্টেজে ব্যস্ত হয়েছেন তিনি। শুরু করেছেন নতুন গানও।

সব মিলিয়ে কেমন আছেন? আঁখি আলমগীর বলেন, ভালো আছি। তবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে’র মৃত্যু সংবাদটা শুনে মনটা বিষাদে ভরে গেছে। এরকম কয়েকজন শিল্পী স্টেজে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়লেন। তারপর চিরবিদায় নিলেন। কত ঠুনকো আমাদের জীবন। আর কেকে হৃদয় দিতে গাইতেন। তার মতো শিল্পী খুব কমই আছে।

এখন ব্যস্ততা কি নিয়ে আপনার? এ গায়িকা বলেন, স্টেজ শুরু হয়েছে আবার পুরোদমে। মধ্যে রমজান ও ঈদে যদিও বন্ধ ছিল। এখন আবার শো করছি। দুই বছরে অনেক ক্ষতি হয়েছে আমাদের। করোনার কারণে স্টেজ বন্ধ ছিল। এ সময়ে শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতিতো পূরণ হবার নয়। তবে সবাইকে মিলে চেষ্টা করতে হবে।

নতুন গান কি করা হচ্ছে? আঁখি আলমগীর বলেন, নতুন গান কয়েকটি করা আছে। সময় সুযোগমতো এগুলো প্রকাশ করবো। আমার মধ্যে কখনও তারাহুড়া ছিলো না। এখনও নেই। গান তারাহুড়ো করে হয়ও না। তাই যখন সময় হবে তখনই গান শ্রোতাদরে কাছে পৌছে দেবো।

সংগীতের অবস্থা এখন কেমন মনে হচ্ছে? আঁখির উত্তর- আমি আশাবাদী মানুষ। ইতিবাচক থাকতে ও রাখতে পছন্দ করি। করোনার কারণে আমরা খানিক পিছিয়েছি। তবে সেটা না ভেবে এখন কেবল সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্টেজ, নতুন গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিটা সরব রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *