Home জাতীয় পদ্মা সেতু ক্ষমতাসীন দলের লুট-দুর্নীতির প্রতীক: রিজভী

পদ্মা সেতু ক্ষমতাসীন দলের লুট-দুর্নীতির প্রতীক: রিজভী

0
107

ঢাকা: ‘পদ্মা সেতু ক্ষমতাসীন দলের লুট, আত্মসাত ও দুর্নীতির প্রতীক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (০১ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম; সেখানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, আপনি কোন অধিকারে চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু বানিয়ে কৃতিত্ব নিচ্ছেন? ওই সেতু তো লুট, আত্মসাৎ ও দুর্নীতির প্রতীক। আজ যে শিশু ভূমিষ্ট হয়েছে তার মাথায় ৯৮ হাজার টাকা ঋণের বোঝা আছে। তাকেও ঋণ পরিশোধ করতে হবে। আপনি চড়া সুদে লোন নিয়ে বলছেন নিজস্ব অর্থায়নে। অথচ এর মাধ্যমে পুরো জাতিকে ঋণগ্রস্ত করেছেন।

রিজভী আরও বলেন, পদ্মা সেতু বানাতে গিয়ে আর একটি বিষয় উঠে এসেছে। তা হলো আওয়ামী লীগের দুর্নীতি। এই সেতু অল্প সুদে বানাতে চেয়েছিল বিশ্বব্যাংক। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা-মন্ত্রীরা টাকা চেয়েছেন। বলেছেন, এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে- তাহলে কি এটা প্রমাণ হয় না যে সরকারের উচ্চ পর্যায় দুর্নীতির সঙ্গে জড়িত?

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকার বৈধ নয়। আপনাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। আপনি এবং আপনার মন্ত্রীরা যেভাবে কথা বলেন- তাতে প্রমাণ হয় আপনাদের ভোটের দরকার নেই। নিশিরাতের ভোট বা ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি হয়েছে আপনাদের শাসনামলে।

রিজভী দাবি করেন, নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারেজ করার দৃষ্টান্ত আছে কেবল জিয়াউর রহমানের। আওয়ামী লীগ চীনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বাহাদুরি দেখাচ্ছে।

তিনি বলেন, ‘আমি আগেই বলেছি সরকার তো বৈধ নয়, আওয়ামী লীগের নেতারাই তো বলেছিলেন- ডিল করে ক্ষমতায় এসেছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন তাদের দলের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল সাহেব বলেছিলেন। তিনি আরও বলেছিলেন- আওয়ামী লীগের কেবিনেটে যাদেরকে দেখছেন তাদের অনেকেই ডিজিএফআইয়ের লোক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here