রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি পাংশা উপজেলার পাট্যা ইউনিয়নের পুইজোড় গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য একই পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন। রেলগেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোর পেছনে থাকা প্রাইভেট কারেও ট্রাকের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী নিহত হন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়।
প্রাইভেট কারের চালক ও অটোর আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
