Home ফিচার পদ্মা সেতুতে হেঁটে ও সাইকেলে চড়ে পার হওয়া যাবে না

পদ্মা সেতুতে হেঁটে ও সাইকেলে চড়ে পার হওয়া যাবে না

0
142

আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতু। তবে দেশের সবচেয়ে বড় এই সেতুতে হেঁটে বা সাইকেল চালিয়ে পাড়ি দেয়ার কোনো সুযোগ থাকছে না।

ইতোমধ্যে পদ্মা সেতুতে গাড়ি পারাপারে টোল নির্ধারণ করে দিয়েছে সরকার। একইসঙ্গে কোনো ধরনের গাড়ি এ সেতুতে চলাচল করতে পারবে তাও নির্দিষ্ট করে দিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবেন না।

সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা গণমাধ্যমকে বলেন, হেঁটে সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া কেউ সাইকেল বা সিএনজিতেও নিয়েও পার হতে পারবে না।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, সেতুর ওপর দিয়ে কোন যানবাহন পার হতে পারবে এবং টোল কত–সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে সাইকেলের কথা উল্লেখ নেই।

শাহ মো. মুসা আরও বলেন, সেতুর ওপর দিয়ে গতির যানবাহন চলবে। সেখানে হেঁটে বা স্লো মুভিং কিছু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ছোট ট্রাকে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি থেকে আট টন) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (থ্রি এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা ও টেইলর (ফোর এক্সেলের বেশি) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলে এক হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here