দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। একসঙ্গে দুজন ঘুরেছেন এবং কাটিয়েছেন দারুণ কিছু মুহূর্ত।
সোমবার (৩০ মে) শাবনূরের সঙ্গে তোলা বেশকিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন মমতাজ। ছবিতে দেখা যাচ্ছে, ড্রাইভিং সিটে বসে আছেন শাবনূর আর পাশে বসা মমতাজ। দুজন মিলে অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শেষমেশ মমতাজকে সিডনি বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছেন শাবনূর।
ছবির ক্যাপশনে মমতাজ লেখেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’
মমতাজ অস্ট্রেলিয়া গেছেন দেশটির কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কনসার্টে অংশ নিতে। গত ২১ তারিখ মেলবোর্ন ঈদ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। আর ২৮ মে সিডনিতে আয়োজন করা হয়েছিল ‘বৈশাখী মেলা’। সেখানেও গেয়েছেন তিনি।
এছাড়াও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য ও বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনে অংশ নেন লোকগানের এই জনপ্রিয় তারকা।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর। এখন তিনি একমাত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন।
