একসময় নায়ক হতে চাইতাম, এখন সিদ্ধান্ত বদলে ফেলেছি: ইমন

প্রতিবছর নিজের জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটান চিত্রনায়ক ইমন। তবে এবারের জন্মদিন একটু অন্যভাবেই উদযাপন করলেন। তার জন্মদিনকে ঘিরে অবমুক্ত হয়েছে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আগামীকাল’ এর ট্রেইলার ও গান।

আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। মুক্তি উপলক্ষে এবং ইমনের জন্মদিনকে অন্যভাবে রাঙাতে গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথে একটি রেস্তোরাঁতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই রাত আটটায় ইউটিউব ও ফেসবুক থেকে একসঙ্গে মুক্তি দেওয়া হয় ট্রেলার ও গান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আগামীকাল’ ছবির পরিচালক অঞ্জন আইচ, নায়িকা সূচনা আজাদ, অভিনেতা টুটুল চৌধুরী, তারেক স্বপন, সংগীতশিল্পী কোনাল প্রমুখ।

চিত্রনায়ক ইমন বলেন, ‘জন্মদিনটা সব সময়ই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি। আগে বিভিন্ন সময়ে পরিচালক, প্রযোজকেরা বিশেষ আয়োজন করে জন্মদিন উদ্‌যাপন করতে চেয়েছেন। আমি রাজি হইনি। কিন্তু ৩ জুন আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবির প্রযোজক আমার জন্মদিনটি ধরেই ট্রেলার ও গান প্রকাশ করছেন।’

তিনি আরও বলেন, ‘একসময় নায়ক হতে চাইতাম, গল্পের চাইতে নায়ক হওয়ার দিকেই আগ্রহ বেশি থাকত, এখন সিদ্ধান্ত বদলে ফেলেছি, শাকিব খানের পাসওয়ার্ড ছবিতে কাজের মধ্য দিয়ে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই ছবিতে আমি নায়ক না, আমি একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছি, গল্পের চরিত্র হিসেবে অভিনয় করেছি।’

পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘এই সিনেমার পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। বলতে পারেন এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না।’

ইমন-মম ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ইমনের জন্মদিন উদযাপন করে ‘আগামীকাল’ সিনেমার টিম। এছাড়াও দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার বন্ধু-শভাকাঙ্ক্ষী আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *