বয়স কম, যা পেয়েছি তাতেই আমি তৃপ্ত: পড়শী

‘ক্ষুদে গানরাজ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী নিয়মিত শিল্পী। তাকে গানের পাশাপাশি অভিনয়েও এখন দেখা যাচ্ছে। তবে কি গায়িকা থেকে নায়িকা হচ্ছেন তিনি? এমন প্রশ্ন ভক্তকুলের মনে।

পড়শী সর্বশেষ আরটিভিতে প্রচারিত সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে অভিনয় করে মনোযোগ কেড়েছেন।এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।

এর আগেও অতিথি চরিত্রে ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে পড়শীর। এছাড়া ‘মেন্টাল’ সিমোয় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেও অনেকের নজর কেড়েছেন তিনি।

গান থেকে অভিনয়ে আসার অনুভূতি জানিয়ে পড়শী বলেন, ‘কণ্ঠশিল্পী থেকে অভিনেত্রী হওয়ার অনুভূতি অবশ্যই ভালো। নতুন যাত্রা যখন ভালো কিছু দিয়ে শুরু হয় তখন অবশ্যই ভালো লাগে। নাটকটিতে কাজ করার আগে কনফিউজড ছিলাম, সবাই কী ভাববে বা কেমন করে নেবে। তবে নাটকটা অনএয়ার হওয়ার পরে বুঝলাম মানুষ ভালোভাবেই এটা নিয়েছে, বেশ সাড়া পাচ্ছি। সেটা অবশ্যই ভালো লাগছে। কাজ করতেও ভালো লেগেছে।’

এদিকে গত ঈদে পড়শীর কণ্ঠে ‘নসিব’, ‘হাঙ্গর’ ও ‘প্রিয়জন’ নাটকে তিনটি গান প্রকাশ হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “গানগুলোর জন্য বেশ ভালো রেসপন্স পাচ্ছি। ‘একটা গল্প’ গানটার রেসপন্স বেশি ভালো পাচ্ছি। নাটকের গান তো নাটকের মধ্যেই থাকে, ফলে ওভাবে গানগুলো আলাদাভাবে পৌঁছায় না। খুব কম নাটকই হয়, যেখানে গানটা আলাদাভাবে দর্শকের কাছে পৌঁছে। তবে যে কয়টা নাটকে গান গেয়েছি সেগুলোর রেসপন্স বেশ ভালো এসেছে।”

ব্যক্তিগত সময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পড়শী বলেন, ‘ব্যক্তিগত সময় কাজের ভেতর দিয়েই যাচ্ছে। সবকিছু মিলিয়ে ভালো। আর আমি পরিকল্পনা সেভাবে করি না কখনো। কপালে যা আছে সেটাতেই বিশ্বাস করি।’

খুদে শিল্পী থেকে বড় শিল্পীতে পরিণত হওয়া নিয়ে তিনি বলেন, ‘তখনকার থেকে এখন খুব বেশি বয়স হয়নি। খুদে থেকে যে খুব বিশাল কিছু হয়ে গেছি তা মনে করি না। তবে যতটুকু পেয়েছি তাতেই আমি তৃপ্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *