শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে সেই দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লেখিয়েছেন। গত বছর তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। এরপর উপহার দেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।
এবার দীঘি আসছেন নতুন পরিচয়, নতুন প্ল্যাটফর্মে। ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। আগামী ২ জুন চরকি-তে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। এটি পরিচালনা করেছেন সুমন ধর। সিনেমাটিতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।
শুক্রবার (২৭ মে) প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এতে দীঘিকে কখনো দেখা গেছে লাজুক হাসিতে, কখনো আবার উদাস চাহনিতে জানান দিয়েছেন বেদনার। টিজারটি নিয়ে চরকি বলেছে, ‘তুলি আর শ্যামলের ছোট্ট পরিবারের ছোট্ট গল্প’। অর্থাৎ গল্পটা দীঘি ও রোহানকে ঘিরেই এগোবে।
টিজার শেয়ার করে দীঘি তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের।’
গত বছরের ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে যুক্ত হন দীঘি। তখন বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াস-দীঘি জুটিকে দর্শক গ্রহণ করবে।’
