এমন করো কেন? তুমি আমাদের আল্লু অর্জন: সিয়ামকে মিম

অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিনোদন অঙ্গণের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর ২৩তম আসর।

শুক্রবার সন্ধ্যা ৬টায় এই আয়োজন বসেছিল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পুরস্কার প্রদান উপলক্ষে সেখানেই বসেছিল তারা মেলা। তবে শুধু পুরস্কারই নয়, ফাঁকে ফাঁকে চলে তারকাদের নানা ধরনের পরিবেশনা।

এর আগে তারকাবহুল এ অনুষ্ঠানের জন্য দুই দিন একা একা মহড়া করেছেন সিয়াম। শুটিং থাকার কারণে মিম মহড়ায় অংশ নিতে পারেননি। মিম অবশ্য তারও আগে এক দিনেই তাঁর অংশ উঠিয়েছেন। নাচে পারদর্শী হওয়ায় মিমের কাছে এটি যেন দুধভাত।

বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা হবে। তখন নিশো, মেহজাবীন, তিশার মহড়া চলছে। এর মধ্যে সিয়ামের প্রবেশ। তাঁকে দেখে মহড়ার সবাই চিৎকার দিলেন। অনেকে বলছিলেন, ‘আরে সিয়ামকে তো চেনাই যাচ্ছে না।’ অনেক শুকিয়েছেন। পাশ থেকে সিয়ামের উদ্দেশে একজনের প্রশ্ন ভেসে এল—কত কেজি?

হাসতে হাসতে সিয়াম বলেন, ‘৬৮ কেজি। তবে এই ওজন কমানোর কারণও তো আছে। এখন বলা যাবে না।’ এভাবে প্রায় মিনিট বিশেক অন্য সহশিল্পীদের সঙ্গে হাসি-ঠাট্টা, খুনসুটিতে মশগুল সিয়াম। এরই মধ্যে মিমের প্রবেশ। তাঁকে নিয়ে মহড়াকক্ষের এক পাশে গেলেন সিয়াম।

এ সময় হঠাৎ গত বছরের আলোচিত তেলেগু ছবি পুষ্পার নায়ক আল্লু অর্জনের মতো করে সিয়ামের থুতনিতে হাত বুলিয়ে দিলেন মিম। আচমকা মিমের এমন আচরণে সিয়াম একটু লজ্জা লজ্জা পাচ্ছিলেন।

হাসতে হাসতে মিমকে সিয়াম বলছিলেন, ‘আরে, হাত দিয়ো না তো! হাত দিয়ো না।’ মিমও নাছোড়বান্দা। একপর্যায়ে মিম মজা করেই বলে বসলেন, এমন করো কেন? তুমি তো আমাদের আল্লু অর্জন…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *